শরীয়তপুরে এনসিপির যুগ্ম সমন্বয়কারী তারিকুল ইসলামের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম দল থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (১ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তারিকুল ইসলাম লেখেন, “ব্যক্তিগত কারণে এনসিপির সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।”

তবে দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এনসিপির একটি অনলাইন গ্রুপে একটি আপত্তিকর মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ক্ষুব্ধ হয়ে তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে তারিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনসিপি শরীয়তপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “তারিকুল ইসলাম আমাদের এক ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে এখনো আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্র জমা দেননি।”

তিনি আরও বলেন, “গ্রুপে কেউ একজন কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। এতে তিনি রাগান্বিত হয়ে থাকতে পারেন। তবে আমরা বিষয়টি দলীয়ভাবে দেখছি।”