নিজস্ব প্রতিবেদক:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়ের পটভূমিতে সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিল করেছিল, তবে রায়ে তাঁকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় সরকারের সিদ্ধান্ত রহিত করা হয়েছে।
এছাড়া, ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর) বিজ্ঞান ও প্রযুক্তিতে, মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর) সাহিত্য, নভেরা আহমেদ (মরণোত্তর) সংস্কৃতি, স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর) সমাজসেবায়, মোহাম্মদ মাহবুবুল হক খান (আজম খান) (মরণোত্তর) মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি, বদরুদ্দীন মোহাম্মদ উমর শিক্ষা ও গবেষণায় এবং আবরার ফাহাদ (মরণোত্তর) প্রতিবাদী তারুণ্য হিসেবে মনোনীত হয়েছেন।
এটি দেশের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানকর্মীদের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে নেওয়া হয়েছে।











