নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে রোববার (১৮ মে) বিকেলে শাহবাগ মোড় দুই ঘণ্টার মতো অবরোধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা অবরোধ তুলে নিলে শাহবাগ ও আশপাশের এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।
বিকাল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দায়িত্বজ্ঞানহীন প্রশাসন নিপাত যাক’—এমন নানা স্লোগানে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা দাবি করেন, ছাত্রনেতা সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও ব্যর্থতাকে দায়ী করেন। একইসঙ্গে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন।
এর আগে দুপুর ২টার দিকে টিএসসি থেকে কালো পতাকা মিছিল বের করে ছাত্রদল, যা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া সমালোচনা করেন।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “যে প্রশাসনের ওপর আমাদের আস্থা ছিল, তা বর্তমান ভিসি-প্রক্টর চূর্ণ করেছে।”
এদিকে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’ সাম্য হত্যার প্রতিবাদে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। অপরাজেয় বাংলায় মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান বলেন, “আইওয়াশ গ্রেপ্তার দিয়ে মূল খুনিকে আড়াল করা হচ্ছে। প্রকৃত খুনিকে চিহ্নিত করে গ্রেপ্তার না করলে আমরা কঠোর আন্দোলনে যাব।”











