ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ সম্পূর্ণ উদ্ভট: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: 15 November 2026, 7:36 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের দেওয়া পরামর্শকে সম্পূর্ণ উদ্ভট বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, সংশ্লিষ্ট আসামি বর্তমানে ভারতের আশ্রয়-প্রশ্রয়ে অবস্থান করছেন। বিচার প্রক্রিয়া চলাকালীন কিংবা নির্ধারিত সময়ের মধ্যে তারা কেন তাকে বাংলাদেশে এসে বিচার মুখোমুখি হওয়া বা আপিল করার পরামর্শ প্রদান করলেন না? এখন নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর পুনর্বিচারের যে উদ্ভট বক্তব্য সামনে আনা হচ্ছে, আমরা তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম টেলিগ্রাফ শেখ হাসিনার পুনর্বিচারের প্রসঙ্গটি তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে ভারতের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুনর্বিচারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা হয়।

ওই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে চিফ প্রসিকিউটর ব্যাখ্যা করে বলেন, একবার বিচার সম্পন্ন হয়ে যাওয়ার পর পুনরায় বিচার বা ‘ডি নভো ট্রায়াল’ চালুর বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একসময় প্রচলিত থাকলেও ভারত নিজেই তাদের আইন থেকে এই বিধান বাতিল বা রিপিল করেছে। পাশাপাশি বাংলাদেশেও এই আইন বাতিল করা হয়েছে এবং পাকিস্তানেও বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই। যে দেশ নিজেরা এই আইনি প্রক্রিয়া আর চর্চা করে না, তারা কীভাবে অন্য একটি দেশকে ডি নভো ট্রায়ালের মতো অদ্ভুত পরামর্শ দেয়?

চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন যে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং ২০১০ সালের রুলস অব প্রসিডিউর তৎকালীন আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো আইন পরিবর্তন করিনি। প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী আপিল করার সুযোগ থাকলেও পুনর্বিচারের কোনো ফিকির বা অবকাশ নেই। বর্তমান আইনের বাইরে যাওয়ার কোনো ধরনের এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল কিংবা আমার ব্যক্তিগতভাবে কারও হাতেই নেই।

মন্তব্য করুন