শেরপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক:

শেরপুরে পুকুরে ডুবে নাহিদ (১০) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল শুক্রবার নকলা পৌরসভার পশ্চিম লাভা গ্রামে এ ঘটনা ঘটে। নাহিদ একই গ্রামের অটোরিকশাচালক নয়ন মিয়ার ছেলে ও স্থানীয় লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল। নাহিদের চাচা সাইফুল ইসলাম জানান, জুমার নামাজের পূর্বে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় নাহিদ।

পরে তার বন্ধুরা পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় একই এলাকার হালিম তাকে পুকুর থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।