শেষ কবে দেখা মিলবে জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর?
অনলাইন ডেস্ক:
পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করা আলোচিত নাটক ‘দার-ই-নিজাত’ ঠিক কতটি পর্বে সমাপ্ত হতে যাচ্ছে, অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়সীমা ও সমাপ্তির খবরটি প্রকাশ্যে এসেছে।
সাবলীল গল্পবিন্যাস, নিখুঁত অভিনয় এবং প্রতি পদক্ষেপে টানটান নাটকীয় মোড়ের কারণে নাটকটি নিয়ে সাধারণ দর্শকদের মাঝে আগ্রহ ও উদ্দীপনা দিন দিন বেড়েই চলেছে। পাকিস্তানের নিজস্ব সীমানা পেরিয়ে নাটকটি ভারত, নেপাল, বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও দারুণ দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এই ব্যাপক সাফল্যের মাঝেই ভক্ত-অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, তাদের প্রিয় এই নাটকটি শেষ পর্যন্ত ঠিক কতটি পর্বের পর পর্দা নামাবে। অবশেষে ভক্তদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের স্পষ্ট উত্তর এখন সবার সামনে চলে এসেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম রিভিউইটের প্রতিবেদন অনুযায়ী, ‘দার-ই-নিজাত’-এর মোট পর্বসংখ্যা নিয়ে তথ্য জানিয়েছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। তার দেয়া তথ্য অনুযায়ী, শুরুতে নাটকটির জন্য ৩৮ পর্বের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। তবে দর্শকদের ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়ায় পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে।
নিজের ভ্লগে সোনিয়া রাও বলেন, ‘দার-ই-নিজাত’ ভক্তদের জন্য তার কাছে বিশেষ খবর রয়েছে। নাটকটি শেষ হয়ে যাচ্ছে ভেবে যারা মন খারাপ করছিলেন, তাদের চিন্তার কারণ নেই। কারণ, এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ অব্যাহত থাকলে পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
নাটকটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন, তারা চাইলে ‘দার-ই-নিজাত’-এর হাজার পর্বও দেখতে রাজি। তবে একই সঙ্গে তাদের আশঙ্কা, অযথা গল্প দীর্ঘ করা হলে নাটকটির আকর্ষণ নষ্ট হতে পারে।
উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে থ্রি এস এন্টারটেইনমেন্ট। এআরওয়াই ডিজিটালে প্রচারের পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে নাটকটি। এতে জারিয়াব ও আবুবকরের ভালোবাসা এবং জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। নাটকের আবু বকর চরিত্রে অভিনয় করা শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রের দুরে ফিশান সেলিম। সামনের পর্বগুলোতে গল্পে আরও কী চমক অপেক্ষা করছে, তা জানতে মুখিয়ে আছেন দর্শকেরা।
