অনলাইন ডেস্ক:
২০২৪ সালের শেষ দিনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত হবে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনী। শেখ জায়েদ ফেস্টিভ্যালে অনুষ্ঠিত এই প্রদর্শনীর মাধ্যমে ছয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার পরিকল্পনা রয়েছে। এবারের শোটি হবে ৫০ মিনিট দীর্ঘ, যেখানে আতশবাজি এবং ড্রোন শো একত্রিত হয়ে একটি অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করবে।
গিনেস রেকর্ড ভাঙার জন্য পরিকল্পিত এই প্রদর্শনীর মধ্যে রয়েছে:
১. বিশ্বের সবচেয়ে বড় ভেন্যুতে একটানা ৫৩ মিনিটের বেশি আতশবাজি প্রদর্শন।
২. ৩ হাজার ড্রোনের সিনক্রোনাইজড মিউজিক শোয়ের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়া।
৩. ছয় হাজার ড্রোন ২০ মিনিট ধরে আকাশ আলোকিত করবে।
৪. ‘হ্যাপি নিউ ইয়ার’ লেখা সবচেয়ে বড় এরিয়াল ডিসপ্লে, প্রথমবারের মতো তিন হাজার ড্রোনের মাধ্যমে তৈরি হবে।
৫. তিন হাজার ড্রোন একত্রিত হয়ে ‘বিশ্বের সবচেয়ে বড় বায়বীয় চিত্র’ তৈরি করবে।
৬. বিশ্বে প্রথমবারের মতো পরিমাণ, নকশা এবং সময়কালের দিক থেকে বৃহত্তম এবং সবচেয়ে বেশি আতশবাজি প্রদর্শিত হবে।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই উৎসবটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। উৎসবে অংশ নিতে হলে আগ্রহীদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে।











