সংসদে নুসরাতের ক্ষোভ প্রকাশ, ‘প্রভাবিত’ শব্দ এক্সপাঞ্জের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
তদন্ত শেষ হওয়ার আগেই নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘শর্ট সার্কিট’ এবং বাড়িটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে প্রচার করায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, দায়িত্বশীল ব্যক্তিদের এমন আগাম বক্তব্য চলমান তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে মারাত্মভাবে প্রভাবিত করতে পারে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, তার কোনো ধরনের তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্য ছিল না এবং ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত মন্তব্যও করেননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সোমবার (১৬ নভেম্বর) জমা দেওয়ার কথা রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুম এসব কথা বলেন। তাঁর বক্তব্যের পরপরই সংসদ ভবনে দাঁড়িয়ে তার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুরো কার্যদিবসের এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নিজ বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে সংসদ সদস্য নুসরাত উল্লেখ করেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে বিস্ফোরণের মতো করে আকাশ লাল হয়ে উঠেছে এবং একই সময়ে বাড়ির বিভিন্ন প্রান্তে আগুন জ্বলে উঠছে। সেই আগুনের ধোঁয়া থেকে নারী ও শিশুরা ঘর থেকে দ্রুত বেরিয়ে আসতে বাধ্য হন এবং ধোঁয়ার কারণে কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন। এমনকি ওই ফুটেজে দেয়ালের লাইটগুলো জ্বলতেও দেখা গেছে বলে তিনি জানান।
নুসরাত আরও বলেন, অগ্নিকাণ্ডের এই সমস্ত দৃশ্য ও প্রমাণ ইতিমধ্যে গণমাধ্যম এবং তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের হাতেও সুরক্ষিত রয়েছে। এতকিছুর পরও কীভাবে জাতীয় সংসদে দাঁড়িয়ে আগুনের একমাত্র কারণ হিসেবে শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বাড়িটিকে ‘পরিত্যক্ত’ বলে যে উল্লেখ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন বাড়িটি আদৌ পরিত্যক্ত ছিল না, আর পরিত্যক্ত হলেও সেখানে অগ্নিসংযোগ করার কোনো বৈধ আইনি ভিত্তি তৈরি হয় না।
তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন নুসরাত। তিনি সতর্ক করে বলেন, তাদের এ ধরনের বক্তব্যের নেতিবাচক প্রভাব সরাসরি তদন্তের ওপর পড়তে পারে। বিশেষ করে অধস্তন কর্মকর্তারা যদি ঊর্ধ্বতন মহলের বক্তব্যের সঙ্গে মিল রেখে তদন্ত প্রতিবেদন তৈরি করেন, তবে প্রকৃত অপরাধীরা সহজেই দায়মুক্তি পেয়ে যেতে পারে।
অগ্নিকাণ্ডের এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার করে তাকে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে, তাও তিনি সংসদের সামনে তুলে ধরেন। তাকে হুমকি দিয়ে বলা হয়েছিল ‘লাশ রাতে নিয়ে যাওয়া হবে’, যা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং এ ধরনের গুরুতর হুমকিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও যোগ করেন যে, দিনের বেলায় সংঘটিত ককটেল হামলার মতো একটি ঘটনাকে রাতের ঘটনা হিসেবে উপস্থাপন করার অসৎ চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত সময়, প্রেক্ষাপট এবং পরিস্থিতি আড়াল করার এমন অপপ্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় স্পিকার তাকে নির্ধারিত আলোচ্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার আহ্বান জানালে নুসরাত বলেন, একই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি গোপালগঞ্জেও লক্ষ্য করা গেছে। সেখানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই তাণ্ডব নিয়ে একশ্রেণির মানুষের উল্লাস প্রকাশ করার অভিযোগও তোলেন তিনি।
নুসরাত জোরালো কণ্ঠে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্বদানকারী ব্যক্তিরাই এখন প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান যে, এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, ভিন্নমত ও রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হুমকি, হামলা কিংবা অগ্নিসংযোগের শিকার হতে হলে তার সুষ্ঠু তদন্ত ও কঠোর বিচার নিশ্চিত করতে হবে।
নুসরাত তাবাসসুমের এসব বক্তব্যের সুনির্দিষ্ট জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় কুখ্যাত অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। এর ঠিক পরদিন ১২ নভেম্বর সংসদের বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করলে তিনি তাৎক্ষণিকভাবে তথ্যবহুল বক্তব্য দিয়েছিলেন। তবে তিনি পরিষ্কার করেন যে, ঘটনার দিন তিনি পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে কি না কিংবা বাড়ি থেকে কেউ বের হতে পারেননি—এমন কোনো চূড়ান্ত বা সুনিশ্চিত মন্তব্য করেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঘটনার দিন সকালেই তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে ওই দিন বিকালেই স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে একটি উচ্চপর্যায় তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বিজিবির একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
তদন্ত কমিটি গঠন করার পর তার একটি অনুলিপি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সব মহলের কাছে পাঠানো হয়েছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। শুক্রবার ও শনিবারসহ কমিটিকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং রোবারই তদন্তের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় সোমবার আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন তিনি যা গণমাধ্যম বা সংসদে বলেছিলেন, তা ছিল কেবলই একটি প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস বা ঘটনাস্থলে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা তখন পর্যন্ত পেট্রোল বোমার সুনির্দিষ্ট কোনো আলামত দেখতে পাননি। ফলে শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে একটি অনুমান করা হয়েছিল। তবে তিনি কখনোই কোনো চূড়ান্ত বা কনক্লুসিভ মন্তব্য করেননি এবং তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব—সে কথাও তিনি সেদিন স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন।
ভিডিও ফুটেজ এবং অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে অবস্থানরত ব্যক্তিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি যেমন সত্য, তেমনই একটি গরুও সেখানে ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কোনো মানুষ বের হতে পারেননি—এমন কথা তিনি কখনই উচ্চারণ করেননি। পরবর্তীতে তিনিও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখেছেন যে, একজন নারী তার কোলের শিশুসন্তানকে নিয়ে নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এই প্রতিটি খুঁটিনাটি বিষয়ই বর্তমানে তদন্তের মূল অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ঘটনার দিনই কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, পরবর্তী সময়ে মামলার আইনি প্রক্রিয়াও সঠিকভাবে এগোচ্ছে। টেলিফোনে বারবার হুমকির ঘটনায় কলাবাগান থানায় দায়ের করা জিডি এবং এর পেছনে থাকা সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত করার বিষয়েও সমস্ত আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার যে অভিযোগ নুসরাত তাবাসসুম উত্থাপন করেছেন, তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন যে, তিনি কিংবা এই মহান জাতীয় সংসদের কোনো সদস্যই তদন্তকে প্রভাবিত করার বিন্দুমাত্র উদ্দেশ্যে কোনো বক্তব্য দেন না। কোনো সম্মানিত সংসদ সদস্যের ওপর আক্রমণ কিংবা যেকোনো নাগরিকের জানমালের ওপর হামলার মতো ঘটনা অত্যন্ত কঠোর হাতে দমন ও দেখা উচিত।
এ সময় তিনি নুসরাতের বক্তব্যে ব্যবহৃত ‘প্রভাবিত’ করতে পারে শব্দটিকে সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করার জন্য আহ্বান জানান।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর স্পিকার রুলিং দিয়ে বলেন, যেকোনো সংসদ সদস্যের মনে নিজ এলাকায় বা ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা ঘটলে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়া অস্বাভাবিক নয়, এবং এটিকে কোনোভাবেই অসংসদীয় বক্তব্য বলা যাবে না। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে নিজে উদ্যোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করেছেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন, তাই সবার উচিত তদন্তের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করা। একই সঙ্গে তিনি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার বিশেষ আহ্বান জানান।
