অনলাইন ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচনে কোনো বিরোধ নেই এবং দুটো একসঙ্গে চলতে বাধা নেই। তিনি বলেন, “সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ঐক্যমত্য ছাড়া কিছুই সম্ভব নয়।”
গতকাল রোববার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “সংস্কার চলবে, নির্বাচনও চলবে, নির্বাচনের পর যারা সরকারে আসবে তারা এই সংস্কার এগিয়ে নিয়ে যাবেন।”
জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, “তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে উত্তরণের পথ তৈরি করেছিলেন এবং কৃষি ও শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন।” তিনি আরও বলেন, “আজকের জাতীয়তাবাদী দল তার হাতে গড়া, যা বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত।”











