সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক:

“আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন। গতকাল সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন। আদালতে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান, এবং তার আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মাহমুদুর রহমান। তবে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পাঁচ দিন কারাভোগের পর ৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

২০১৫ সালে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় মাহমুদুর রহমানসহ ৫ আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত। মামলায় মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার, এবং মিজানুর রহমান ভুইয়াকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এই মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের সেপ্টেম্বরের পূর্বে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতারা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

মামলায় অভিযোগ করা হয় যে, অভিযুক্তরা আমেরিকায় জয়কে অপহরণ করার পরিকল্পনা করেছিল। এই ঘটনায় ডিবি পুলিশ পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালে পল্টন মডেল থানায় মামলা করেন, এবং ২০১৮ সালে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

এদিকে, গত বছরের ২২ সেপ্টেম্বর শফিক রেহমান এবং মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩০ সেপ্টেম্বর, মাহমুদুর রহমান কারাগারে যাওয়ার পরদিন শফিক রেহমান আপিল দায়ের করে আত্মসমর্পণ করেন এবং আদালত তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন।