সরকারি কর্মচারীদের জন্য নতুন ‘বিশেষ সুবিধা’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকার মঙ্গলবার (৩ জুন) সরকারি কর্মচারীদের জন্য নতুন বিশেষ সুবিধা ঘোষণা করেছে। ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন গ্রেডভেদে গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে অতিরিক্ত ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সুবিধার ন্যূনতম পরিমাণ চাকরিরতদের জন্য ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বেতন স্কেলের আওতায় থাকা সরকারি-বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই সুবিধা কার্যকর হবে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব দেন। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে চলমান আলোচনা শেষে এই অতিরিক্ত ভাতা ‘বিশেষ সুবিধা’ নামে প্রবর্তন করা হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা তাদের সর্বশেষ বেতনের ভিত্তিতে সুবিধাটি পাবেন, তবে যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী সম্পূর্ণ পেনশন প্রত্যাহার করেছেন বা বিনা বেতনে ছুটিতে আছেন তারা এই সুবিধার আওতায় পড়বেন না।