ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন এক হাজার ‘জুলাই যোদ্ধা’

প্রকাশিত: 15 November 2026, 9:19 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। এর মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধা’র বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিন প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা সাধারণ মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা কোনো সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এর জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী দিনেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন সংসদে প্রবাসীদের সুরক্ষা ও বিদেশে তাদের নানা সমস্যার বিষয়েও আলোচনা হয়। এক সংসদ সদস্য বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে দেশে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে। অথচ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা বিদেশে নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের নির্ধারিত এই প্রক্রিয়ার বাইরে কেউ যদি অতিরিক্ত অর্থ আদায় বা অন্য কোনো অনিয়ম করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশেকর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।

রেহানা আক্তার রানু জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মকারী ও অসৎ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না?

জবাবে মন্ত্রী বলেন, বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং বিদেশে চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী অথবা তাদের অভিভাবকদের করা অভিযোগ তদন্ত করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন অনিয়মের কারণে সম্প্রতি ৫৬টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।

মন্তব্য করুন