সাজিদ খানের বিরুদ্ধে অভিনেত্রী নবীনা বোলে’র গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক:

রুপালি জগতের ঝলমলে আলো ছাড়াও রয়েছে অন্ধকার দিক, যেখানে কাস্টিং কাউচ, যৌন হেনস্তা এবং স্বজনপ্রীতির মতো অভিযোগ প্রায়ই শোনা যায়। এই ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা অনেক তারকা অভিনয়শিল্পী প্রকাশ করেছেন। এবার, হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে প্রকাশ্যে বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন।

নবীনা, যিনি ইশকবাজ সিরিয়ালের জন্য পরিচিত, সম্প্রতি শুভজিৎ ঘোষের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। নবীনা জানান, “আমার জীবনে ভয়ংকর একজন মানুষ এসেছিলেন, যার নাম সাজিদ খান। গ্ল্যাডরার্গের পরে সে নারীদের অসম্মান করার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল।”

তিনি আরও জানান, “আমি যখন তার ফোন কল পাই, তখন খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু তার পরবর্তী কথাগুলো আমার জন্য ছিল অত্যন্ত অস্বস্তিকর। তিনি আমাকে বলেন, ‘তুমি কেন তোমার পোশাক খুলছো না? অন্তর্বাস পরো, আমি দেখতে চাই তুমি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করো।’ এটা ২০০৪-২০০৬ সালের ঘটনা।” নবীনা বলেন, এই ঘটনাটি সাজিদ খানের অফিসে ঘটে এবং তাকে চমকে দিয়েছিল।

এছাড়া, নবীনা বলেন, “সে আমাকে ৫০ বার ফোন করে জিজ্ঞাসা করেছিল, আমি কোথায় পৌঁছেছি এবং কেন আসছি না। আমি জানি না কীভাবে এ পরিস্থিতি সামলাতে হয়েছিল, তবে শেষে আমি কোনোভাবে সেই স্থান থেকে বেরিয়ে আসি।”

এক বছর পর, যখন নবীনা মিসেস ইন্ডিয়া-তে অংশ নেন, সাজিদ আবারো তার সঙ্গে যোগাযোগ করেন। নবীনা জানান, “সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, ‘তুমি কী করো? একটি চরিত্রের জন্য আমার সঙ্গে তোমার দেখা করা উচিত।’ তখন আমি বুঝতে পারলাম, সাজিদ খানের মতো একজন লোক তার আচরণকে এত সহজভাবে ভুলে গেছে।”

এটি প্রথম নয়, ২০১৮ সালে সাজিদ খানের বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন, যারা মি-টু আন্দোলনের অংশ ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন—অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনি চোপড়া এবং সাংবাদিক করিশমা উপাধ্যায়। এবার নবীনা বোলে’র অভিযোগও সেই তালিকায় যুক্ত হল।

নবীনার জন্ম মুম্বাইয়ে। তিনি ভারতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন এবং মডেলিংও করেছেন। ২০০৭ সালে টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন, এবং মিলে জাব হাম তুম, জিনি আউর জুজু এবং ইশকবাজ সহ অনেক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।