অনলাইন ডেস্ক:
ঝিনাইদহ মহেশপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে গতকাল বুধবার দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশ তাকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করার পর বিচারক ফারুক আজম বিএনপির ঝিনাইদহ অফিস ভাঙচুরের মামলায় তাকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, এর আগে গত মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ছাত্র-জনতার হাতে অবরুদ্ধ হন সালাহউদ্দিন মিয়াজী। রাতে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন জানিয়েছেন, সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে আটক করে রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলা ও অভিযোগ:
সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয়স্বজনদের দিয়ে মহেশপুরে কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এছাড়া, সরকার থেকে প্রাপ্ত এক হাজার হাঁস জনগণের মধ্যে বিতরণ না করে নিজের খামারে নিয়ে পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সালাহউদ্দিন মিয়াজী পলাতক ছিলেন।











