অনলাইন ডেস্ক:
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। গত বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, “আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আর নেই। ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের কার্যক্রম পরিচালনা করবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “ফাউন্ডেশনের গভর্নিং বডি পলিসি মেকিংয়ে কাজ করবে, যার মধ্যে ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা রয়েছেন। এছাড়া ফাউন্ডেশনে ‘সাধারণ সম্পাদক’ পদটি আর থাকবে না।”
ফাউন্ডেশনটির প্রথম আর্থিক সহযোগিতা ১ অক্টোবর থেকে শুরু হয় এবং ১৫ অক্টোবর অফিস চালু হয়। সারজিস আলম ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তার সাইনিং অথোরিটি হস্তান্তর করার মাধ্যমে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
তিনি জানান, দায়িত্ব পালনকালে ভ্যারিফায়েড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়, এবং ১১ হাজার ভ্যারিফায়েড আহতের মধ্যে প্রায় ২ হাজার আহতকে সহযোগিতা করা হয়েছে।
সারজিস আলম তার পোস্টে আরও বলেন, “যতদিন পর্যন্ত আমি ফাউন্ডেশনে সময় দিতে পারি, ততদিন আমি দায়িত্ব পালন করেছি। তবে যখন বুঝেছি, এখন আর যথেষ্ট সময় দিতে পারব না, তখনই আমি সরে আসি। আমার কাছে দায়িত্ব থেকে সরে আসা কোনও দুর্বলতা নয়, বরং এটি সৎ সাহসের বিষয়।”











