নিজস্ব প্রতিবেদক:
পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ আগামীকাল রোববার (১৮ মে) সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে। একইদিনে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন।
শনিবার (১৭ মে) দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। আমাদের প্রথম দাবি ছিল ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়ে, কিন্তু এখনও আমরা সন্তোষজনক সমাধান দেখতে পাইনি। হাইকোর্টে যে রায় রয়েছে, সেটি নিয়ে আগামীকাল শুনানি রয়েছে। আমরা চাই—এই রায় নিষ্পত্তি হোক।“
তিনি আরও জানান, রোববার সারাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন হবে এবং রাজধানীতে হাইকোর্টের সামনে কর্মসূচি পালিত হবে।
শিক্ষার্থীদের মূল দাবি:
১. ক্রাফট ইন্সট্রাক্টর পদে অনিয়ম দূরীকরণ ও হাইকোর্টের রায় বাতিল করে সম্পৃক্তদের চাকরিচ্যুত করা।
২. ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি বাতিল ও দুর্নীতির তদন্ত।
৩. চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স বহাল ও পাঠ্যক্রম আধুনিকীকরণ।
৪. ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার নিশ্চিতকরণ।
৫. বেসরকারি খাতে ন্যূনতম মূল বেতন ১৬০০০ টাকা নির্ধারণ।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ এপ্রিল থেকে শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন শুরু করেন। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করলেও পরে আবারও আন্দোলনে ফেরার ঘোষণা দেন।










