সার্বভৌমত্বে আপসহীন সেনাবাহিনী: করিডর ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক:

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কখনও আপস করে না বলে জানিয়েছেন সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

সোমবার (২৬ মে) দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী আপসহীন। করিডর একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। দেশের স্বার্থই আমাদের কাছে সর্বোচ্চ।”

তিনি আরও জানান, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল, এবং সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) জন্য চট্টগ্রামে ৩০ হাজার ইউনিফর্ম তৈরির খবর নিয়ে এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, “সম্পূর্ণ সম্প্রদায়ের জনসংখ্যা যেখানে ১২ হাজারের মতো, সেখানে ৩০ হাজার ইউনিফর্ম তৈরি হওয়ার প্রশ্নই ওঠে। এর পেছনে উদ্দেশ্য কী, সেটি সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।”

সীমান্ত দিয়ে ভারত থেকে ‘পুশ ইন’ প্রসঙ্গে তিনি বলেন, “এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজিবি বর্তমানে যথাযথভাবে বিষয়টি সামাল দিচ্ছে। তবে সরকার চাইলে সেনাবাহিনীও তাতে অংশ নেবে।”

এর আগে প্রেস ব্রিফিংয়ের শুরুতে বিগত ৪০ দিনে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন অপারেশনস পরিদপ্তরের কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মব ভায়োলেন্স ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারী ব্যক্তিদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। তবে এটি শুধু সেনাবাহিনীর একার দায়িত্ব নয়, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্য সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এর আরও উন্নয়ন সম্ভব।”