সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ একই পরিবারের ৯ জন

জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাইনাদি পূর্বপাড়া এলাকায় একটি সেমি পাকা ঘরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।

দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫); তানজিলের ভগ্নিপতি হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন। আসমা ও সালমা দুই বোন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৪টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, “সিদ্ধিরগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একসঙ্গে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবার অবস্থাই গুরুতর। কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।