জাহ্নবীর অভিনয়ে ভুয়া অ্যাকসেন্ট

অনলাইন ডেস্ক:

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন রোম্যান্টিক ড্রামা ‘পরম সুন্দরী’র ট্রেলার। যদিও এই ট্রেলারটি কিছু দর্শকের প্রশংসা কুড়িয়েছে, তবে কেরালার একাংশ শিল্পী ও দর্শকরা ছবিতে মালায়ালি সংস্কৃতির ভুল উপস্থাপনের অভিযোগ তুলেছেন।

ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্রটি এক মালয়ালি মেয়ের, তবে সেটিকে স্টেরিওটাইপিক্যাল ও অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার মালয়ালি অভিনেত্রী ও গায়িকা পবিত্রা মেনন নির্মাতাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পরদিন, শুক্রবার, ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে বহু নেটিজেন ট্রেলারে জাহ্নবীর চরিত্র নিয়ে সমালোচনা করেন। একজন মন্তব্য করেন, “জাহ্নবীর চরিত্রের নাম ও সাজপোশাক একেবারেই অবাস্তব। কেরালার সবাইয়ের এত লম্বা নাম হয় না। বরং চরিত্রটি চেন্নাইয়ের হলে অনেক বেশি মানানসই হতো।”

এছাড়াও ভিডিওর কমেন্ট সেকশনে দেখা যায়, অনেকে জাহ্নবীর মালায়ালম উচ্চারণ ও অভিনয়েরও সমালোচনা করেছেন। একজন স্পষ্টভাবে লেখেন, “তিনি হিন্দিতে বললেন ঠিক আছে, কিন্তু একটাও মালায়ালম শব্দ বোঝা গেল না। এটা পুরোপুরি ভুয়া সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট।”

এই বিতর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা, এবং অনেকেই বলছেন, দক্ষিণ ভারতের সংস্কৃতিকে আরও সংবেদনশীল ও বাস্তবভাবে তুলে ধরা উচিত হিন্দি ছবিতে।