জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেটের মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, পরিবার পরিকল্পনা কার্যালয়ের দুই কর্মকর্তা বেআইনিভাবে ৮ জনকে সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়া ২০২২ ও ২০২৩ সালের বিভিন্ন সময়ে সম্পন্ন হয়।
মামলার আসামিরা হলেন- সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপপরিচালক (সাময়িক বরখাস্ত) ডা. লুৎফুন্নাহার জেসমিন, জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী বরুণ ছত্রী, এবং অবৈধভাবে নিয়োগ পাওয়া তাসলিমা আক্তার, তাহসিন মাসুমা কচি, শক্তি রানী পাল, স্নিগ্ধা বিশ্বাস, পূর্ণিমা নমঃ, পলি রানী দাশ, মন্টি সরকার ও পপি দাশ।
অভিযোগে বলা হয়, নিয়োগপ্রাপ্তরা তাদের আবেদনে ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন। লুৎফুন্নাহার জেসমিন এবং বরুণ ছত্রী পরস্পর যোগসাজশে তাদেরকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নিঝুম রায় বলেন, জেলা নিয়োগ ও বাছাই কমিটির সুপারিশ ছাড়া ৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের ভুয়া ঠিকানা ব্যবহারের বিষয়টি তদন্তে উঠে এসেছে।
এদিকে, ২০২২ সালের ১৮ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর এবং ২০২৩ সালের জানুয়ারিতে মোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ২০২৩ সালের মার্চে পরিবার কল্যাণ সহকারী পদে পরীক্ষা ছাড়াই নিয়োগ পাওয়ার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে সিলেটের বিমানবন্দর থানায় মামলা করা হয়, যা সিআইডি তদন্ত করছে।











