সেরা প্লেমেকারের পুরস্কার পেলেন জুড বেলিংহ্যাম

অনলাইন ডেস্ক:

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিক্স (আইএফএফএইচএস) ২০২৪ সালের সেরা প্লেমেকারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম। গত দুই বছর বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব অর্জনের পর এবার তিনি এই সম্মানজনক পুরস্কারটি লাভ করেন। ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা এবং সাবেক সতীর্থ টনি ক্রুসকে পিছনে ফেলেই সেরা প্লেমেকার হিসেবে নির্বাচিত হন বেলিংহ্যাম।

বেলিংহ্যাম ১৩৩ পয়েন্ট নিয়ে এই পুরস্কার জিতেছেন, যেখানে কেভিন ডি ব্রুইনা ৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং টনি ক্রুস ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছেন। এছাড়া, জার্মানির জামাল মুসিয়ালা ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ, এবং সর্বাধিক পাঁচবার সেরা প্লেমেকার নির্বাচিত হওয়া লিওনেল মেসি ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। মেসি, ইউরোপ ছেড়ে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত বছর কাটিয়েছেন।

আইএফএফএইচএস এর চলতি বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। রদ্রি ১৯১ পয়েন্ট নিয়ে ভিনিসিউস জুনিয়রের চেয়ে ২৫ পয়েন্ট বেশি পেয়েছেন। ভিনিসিউস ১৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, এবং বেলিংহ্যাম ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।

এছাড়া, ২০২৪ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামিনে ইয়ামাল, যিনি ৩০৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে আছেন আর্দা গুলার, যিনি ৫১ পয়েন্ট পেয়েছেন।