সোহরাওয়ার্দীতে ‘মার্চ ফর গাজা’, গণহত্যার প্রতিবাদে লাখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান গণহত্যার প্রতিবাদে আজ ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শিরোনামে গণজমায়েতের আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে মাগরিবের আগ পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এ কর্মসূচি। আয়োজকদের মতে, এই ব্যতিক্রমধর্মী জমায়েতের মূল উদ্দেশ্য হলো—গাজায় চলমান হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং বিশ্ববাসীর মধ্যে মানবিক সহানুভূতি জাগ্রত করা।

সমাবেশকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় সকাল থেকেই গড়ে উঠেছে উত্তেজনাপূর্ণ পরিবেশ। ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘আমরা কারা, তোমরা কারা, ফিলিস্তিন ফিলিস্তিন’—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে উদ্যান সংলগ্ন এলাকা।

সমাবেশে অংশ নিতে আগত মিছিলগুলোকে উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে আয়োজকরা।
১. বাংলা মোটর থেকে আসা মিছিল প্রবেশ করবে শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে।
২. কাকরাইল মোড় হয়ে আসা মিছিল প্রবেশ করবে মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেট দিয়ে।
৩. গুলিস্তান জিরো পয়েন্ট থেকে আসা মিছিল দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবে।
৪. বকশীবাজার মোড় থেকে আগত মিছিল শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে আসবে।
৫. নীলক্ষেত মোড় থেকে আসা মিছিল ভিসি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে সমাবেশে যোগ দেবে।

আয়োজকরা জানিয়েছেন, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষের অংশগ্রহণ আশা করা হচ্ছে। কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।