নিজস্ব প্রতিবেদক:
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ইতোমধ্যে ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৫১টি ফ্লাইটে করে যাওয়া এসব যাত্রীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, যা হজ মৌসুমের শুরুতেই উদ্বেগ তৈরি করেছে।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে এসব যাত্রী সৌদিতে পৌঁছান।
বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।
এদিকে, চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। হজ বুলেটিনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় শুক্রবার (১৮ এপ্রিল)। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। নির্ধারিত সূচি অনুযায়ী, হজ ফ্লাইট চলবে বুধবার (২১ মে) পর্যন্ত।
ফেরার ফ্লাইট শুরু হবে শুক্রবার (৩০ মে) থেকে এবং শেষ হবে সোমবার (৩০ জুন)। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেওয়ার কথা রয়েছে।











