সৌদি রাষ্ট্রদূতকে সম্মাননা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল-দুহাইলানকে ‘বাংলাদেশ মেডাল ফর ডিপ্লোমেটিক এক্সেলেন্স ২০২৩’ সম্মানে ভূষিত করা হয়েছে। বাংলাদেশ-সৌদি সম্পর্কের ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার হাতে সম্মাননা তুলে দেন।

২০২০ সালের মার্চে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আল-দুহাইলান বাংলাদেশ-সৌদি সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেন। তার সময়ে কোভিডকালীন বাংলাদেশের বহু নাগরিককে সৌদি আরবের ভিসা দেওয়া হয় এবং হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নুসুক অ্যাপ চালু করা হয়। এছাড়া, সৌদি আরবের ব্যবসায়ী দলগুলোর ঢাকা সফর এবং সৌদি মন্ত্রীর ঢাকায় সবচেয়ে বেশি সফরের ঘটনা ঘটে।

আল-দুহাইলান ১৯৯৩ সালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সৌদি দূতাবাস বাংলাদেশ-সৌদি বাণিজ্য ও সম্পর্কের ক্ষেত্রে বড় অগ্রগতি সাধন করে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শীঘ্রই আপনি দেশে ফিরে যাবেন, তবে আশা করি, আপনি তখনও বাংলাদেশের পক্ষে কাজ করবেন।”