জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিনজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধদের মধ্যে মো. শরীফ (২৩) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে কিছু দর্শক রাজনৈতিক স্লোগান দিলে ছাত্রদলকর্মীরা আপত্তি জানায়। দ্রুতই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষ কনভেনশন সেন্টারের বাইরে ছড়িয়ে পড়ে, ভাঙচুর শুরু হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও লাঠিচার্জ করে।
চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, “আমাদের জানা মতে, আওয়ামী লীগের স্লোগান দেওয়া নিয়ে গোলমাল হয়েছে। আমরা আহতদের দেখতে হাসপাতালে এসেছি।”
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “গুলিবিদ্ধ শরীফ ও তার সঙ্গীরা পুরো ঘটনা সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানাচ্ছেন না, তাই ঘটনার প্রকৃত রূপ জানা যাচ্ছে না।”
খুলশী থানার ওসি শাহীনুর জামান জানান, “কনসার্টের কোনো অনুমতি ছিল না, অনুমতি ছিল শুধু মোটরসাইকেল প্রদর্শনীর জন্য। কিন্তু সেখানেই কিছু উচ্ছৃঙ্খল যুবক ভাঙচুর ও বিশৃঙ্খলা করে। পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে। কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আয়োজকদের থানায় ডাকা হয়েছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কনভেনশন সেন্টারের প্রধান ফটকে ভাঙচুর চলছে এবং পুলিশ গুলি ছুড়ছে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।











