অনলাইন ডেস্ক:
হাইকোর্ট হবিগঞ্জ সদরের ‘চন্দ্রনাথ’ ও ‘টাউন মডেল স্কুল’ পুকুর ভরাট করে পৌরসভার মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আদালত এক মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। রুলে ‘চন্দ্রনাথ’ ও ‘টাউন মডেল স্কুল’ পুকুরের অংশ ভরাট করার মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার মার্কেট নির্মাণ সংবিধান এবং প্রচলিত আইন লঙ্ঘন করছে, তা কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে।
এছাড়া, ভরাট থেকে পুকুর দুটি রক্ষা করতে এবং ভরাট করা অংশ পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। পাশাপাশি, পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে হবিগঞ্জ পৌরসভার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই রিট আবেদনের পক্ষে আইনজীবী এস. হাসানুল বান্না ও তৌহিদুল আলম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান উপস্থিত ছিলেন।
রুলে ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, এবং হবিগঞ্জ পৌরসভার প্রশাসকসহ ১৩ বিবাদীকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।











