অনলাইন ডেস্ক:
বলিউড জয় করে কয়েক বছর আগে হলিউড সিনে জগতে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অনিন্দ্য অভিনয় দিয়ে সেখানে গড়ে নিয়েছেন শক্ত অবস্থান। সেই সুবাদে সাবেক এই বিশ্বসুন্দরী বড় পর্দায় তাঁর সহশিল্পী হিসেবে পাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোকে।
‘ব্লু-ফ্লাই’ নামে হলিউড সিনেমায় বিশ্বনন্দিত অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে দেখা যাবে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়াকে।
আজকালসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ‘ব্লু-ফ্লাই’ নামে নতুন হলিউড সিনেমায় বিশ্বখ্যাত হলিউড তারকা রাসেল ক্রোর বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ইনস্টাগ্রামে সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার খবর শেয়ার করেছেন অভিনেত্রী নিজে।
পোস্টে তিনি লিখেছেন, মাত্র তিনটি শব্দ ‘অন টু দ্য নেক্সট।’ কিন্তু এতেই উত্তেজনার পারদ চড়ে গেছে অনুরাগীদের মাঝে। প্রিয়াঙ্কার স্বামী অভিনেতা ও সংগীত তারকা নিক জোনাস আগুনের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে অনুরাগীদের মন্তব্যে ভরে যাচ্ছে পোস্টের কমেন্ট বক্স। মার্কিন ও ভারতীয় সংবাদ মাধ্যম থেকে ‘ব্লু-ফ্লাই’ সম্পর্কে জানা গেছে, এই সিনেমার গল্প শুরু হবে কঙ্গোর গভীর অরণ্যে।
এতে দেখা যাবে, রাষ্ট্রসংঘের এক অনুবাদককে আফ্রিকার কঙ্গোর গহিন জঙ্গলে এমন একটি গোপন সামরিক অভিযানে পাঠানো হয়, যেখানে উদ্ধার করতে হবে এমন একটি বিমান, যার অস্তিত্ব সরকারি নথিতেই থাকার কথা নয়। কিন্তু অভিযান যত এগুতে থাকে, ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর রহস্য। শেষ পর্যন্ত মিশনটি শুধুই উদ্ধার অভিযান থাকে না; বরং তা পরিণত হয় বেঁচে থাকার মরিয়া লড়াইয়ে।
হাইল্যান্ড ফিল্ম গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা ডেলফিন পেরিয়েরের কথায়, ‘ব্লু-ফ্লাই’ শুধু অ্যাকশন নয়, রহস্য, টানটান উত্তেজনা এবং একের পর এক অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর একটি বড় মাপের আন্তর্জাতিক ছবি হতে চলেছে। ফলে মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।
এদিকে হলিউড সিনেমার নতুন খবরের পাশাপাশি বলিউডে ফেরার আভাসও মিলেছে প্রিয়াঙ্কার কাছ থেকে। সর্বশেষ নন্দিত এই অভিনেত্রীর দেখা মিলেছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। এরপর কেটে গেছে আট বছর। এই দীর্ঘ সময়ে বেশ কিছু বলিউড সিনেমায় তাঁর অভিনয়ের কথা শোনা গেলেও শেষমেশ তা কেবল গুঞ্জন হয়ে থেকে গেছে। অনেক গুঞ্জনের মাঝে কেবল ‘বারাণসী’ সিনেমায় অভিনয় বিষয়টি সত্যি বলে প্রমাণিত হয়েছে। কিন্তু সেই সিনেমা কবে মুক্তি পাবে? সেই প্রশ্ন সামনে রেখে প্রতীক্ষার প্রহর গুনে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা ভক্তরা।
সেই প্রতীক্ষা যে আর দীর্ঘ হবে না, কদিন আগে তার আভাস দিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। প্রিয়াঙ্কার একটি লুক প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, শিগগিরই আসছে ‘বারাণসী’। ঘোষণার পাশাপাশি বড় চমক ছিল প্রিয়াঙ্কার ভিন্নরূপে আবির্ভাব, যা ফাস্ট লুক থেকে স্পষ্ট হয়ে উঠেছে।











