হল পেতে সমস্যার মুখোমুখি দেব, রাজ, প্রতিম ও মানসী

অনলাইন ডেস্ক:

বড়দিন উপলক্ষে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে একাধিক বাংলা সিনেমা। মুক্তির তালিকায় রয়েছে দেবের খাদান, রাজ চক্রবর্তীর সন্তান, প্রতিম ডি গুপ্তর চালচিত্র এবং মানসী সিনহার ৫ নং স্বপ্নময় লেন। সব মিলিয়ে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি, তবে মুক্তি পেতে থাকা এই ছবিগুলোর জন্য হল পেতে তৈরি হয়েছে সমস্যা।

কলকাতায় একদিকে যেমন চলছে পুষ্পা ২-এর রমরমা, তেমনি পূজায় মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুরূপী ছবির শোও এখনও হাউজফুল। এর জেরেই তৈরি হয়েছে হলের সংকট, ফলে চারটি নতুন বাংলা ছবির মুক্তি ঝুঁকির মুখে।

আজ, শুক্রবার মুক্তি পাচ্ছে দেবের খাদান, যা দীর্ঘদিন পর অ্যাকশন নির্ভর বাণিজ্যিক ছবিতে ফিরছে। তবে রিলিজের আগেই শুরু হয়েছে সমস্যা। গতকাল দেব জানান, খাদান এর অ্যাডভান্স বুকিং শুরু করতে পারছেন না কারণ ছবিটি এখনও যথাযথ শো পাচ্ছে না। তিনি বলেন, “খুবই দুঃখিত দর্শকদের কাছে, কারণ খাদান এর আগাম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। বিশ্বাস করুন, আমি খুব চেষ্টা করছি এবং খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করার জন্য লড়াই করছি।”

দেবের সমস্যায় একমত কুণাল ঘোষও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “পুষ্পা ২, চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, ৫ নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যা কেন? হিন্দি বা অন্য ছবি চলবে, কিন্তু বাংলা ছবিকে দর্শকের সামনে আসতে তো সুযোগ দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন। চারটি নতুন ছবি একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে, হল সমস্যা নিয়ে সুষ্ঠু সমাধান হওয়া উচিত।”

এদিকে, দেব, কুণাল ঘোষসহ অন্য পরিচালকরা আশা করছেন যে, সঠিকভাবে হল ভাগ করে এই সব নতুন ছবি দর্শকদের কাছে পৌঁছাতে পারবে, যাতে বাংলা সিনেমা আরও এগিয়ে যেতে পারে।