হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এর আগে দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

শিল্পকলা একাডেমির সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, “ঘটনা সত্য। রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়েছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।”

 

হাইকোর্টের সামনের বিস্ফোরণের বিষয়টিও নিশ্চিত করেন শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার পর রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

 

শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকাতেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।

 

একই দিন সন্ধ্যা ও রাতে রাজধানীর মিরপুর, মধ্যবাড্ডা ও দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস এবং একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুরে দুটি বাস ও মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়া হয়।

 

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব এলাকার মধ্যে ছিল মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট। একই সময়ে কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

 

রোববারের ঘটনাগুলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যেই ঘটেছে। ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।