হাদি হত্যাচেষ্টা মামলায় মাসুদের স্ত্রী ও বান্ধবী সহ তিনজনের ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ফয়সাল করিম মাসুদের স্ত্রী ও বান্ধবীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। এদিন তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

চিকিৎসকদের মতে, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।