হেফাজতের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন জোট ‘সমমনা ইসলামি দল’

অনলাইন ডেস্ক:

হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমি মাদ্রাসাভিত্তিক সাতটি রাজনৈতিক দলকে নিয়ে ‘সমমনা ইসলামি দল’ নামে একটি নতুন জোট গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় আয়োজিত এক বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।

নতুন এই জোটে থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান, এখন থেকে এই সাতটি ইসলামি দল এক হয়ে মাঠে কাজ করবে। অন্য কোনো জোটে শরিক থাকা দলগুলো পূর্বের জোট ত্যাগ করে এই নতুন প্ল্যাটফর্মে সক্রিয় হতে সম্মত হয়েছে। জোটে থাকা দলগুলোর পরবর্তী কৌশল নির্ধারণে আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

দলীয় সূত্র জানায়, মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই গত কয়েক মাস ধরে এই রাজনৈতিক জোট গঠনের আলোচনা চলছিল। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কওমি ধারার এসব দল বিএনপি ও জামায়াত জোটের সঙ্গে থাকলেও আসন্ন প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে দল দুটি একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় নির্বাচনে নিজেদের রাজনৈতিক ভিত্তি জোরালো রাখতে হেফাজতে ইসলামের মধ্যস্থতায় শেষ পর্যন্ত এক ছাতার নিচে এলো কওমিভিত্তিক দলগুলো।