হ্যারি ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক পদে নিয়োগ

অনলাইন ডেস্ক:

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে, ২৬ বছর বয়সী ক্রিকেটার হ্যারি ব্রুককে ইংল্যান্ডের নতুন সাদা বলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ব্রুক ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, যেখানে তিনি জস বাটলারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায়ের পর জস বাটলার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক পদত্যাগ করার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন নেতৃত্ব খোঁজে এবং তাদের নির্বাচনে হ্যারি ব্রুককে বেছে নেয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত হ্যারি ব্রুক বলেন, “ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে মনোনীত হওয়া সত্যিই সম্মানের বিষয়। ছোটবেলা থেকেই আমি ইংল্যান্ডের হয়ে খেলতে এবং একদিন অধিনায়কত্ব করার স্বপ্ন দেখতাম। এই সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।”

তিনি আরও বলেন, “এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি আমার পরিবার এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন দিয়েছেন।”

ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক হিসেবে ব্রুকের বড় অভিজ্ঞতা রয়েছে। গত বছর ইংল্যান্ড দলের অস্ট্রেলিয়া সফরের সময় ওয়ানডে সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া, দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে।

এখন, ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।