নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনায় অভূতপূর্ব এক ঘটনায় ১১টি বগি রেখেই চলে যায় ঢাকা থেকে আসা আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৮টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পর চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনের সংযোগ হুক ভেঙে যাওয়ায় ইঞ্জিনটি একটি মাত্র বগি টেনে নেত্রকোনা বড় রেলস্টেশনে পৌঁছে যায়, আর বাকি বগিগুলো আটকে পড়ে চল্লিশা এলাকার রেলসেতুর কাছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি।
নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন এবং নেত্রকোনায় অবস্থানরত লোকোমোটিভ গিয়ে আটকে পড়া বগিগুলো উদ্ধার করে। রাত পৌনে ১২টার দিকে রেল যোগাযোগ পুনরায় সচল হয়।
ঘটনার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথ। এতে ব্যাপক শিডিউল বিপর্যয়ের পাশাপাশি দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। শুধু মোহনগঞ্জগামী যাত্রীরাই নন, ঢাকা ফেরত যাত্রীরাও বিপাকে পড়েন।
একজন যাত্রী জানান, “ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসার পর ট্রেনটি চল্লিশা এলাকায় এসে হঠাৎ বিকট শব্দ হয় এবং ঝাঁকুনি লাগে। কিছুক্ষণ পর ট্রেন থেমে যায়। পরে জানতে পারি, ইঞ্জিন বগিগুলো রেখেই চলে গেছে!”
এই ঘটনাকে কেন্দ্র করে রেল ব্যবস্থাপনায় গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।











