অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মুম্বাইয়ের একটি আদালত। ২০১২ সালের এক মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পরও তিনি তা এড়িয়ে যান, ফলে আদালত জামিনযোগ্য ধারায় এই পরোয়ানা জারি করেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ২০১২ সালে মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলার অভিযোগ ওঠে সাইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে মালাইকা আরোরাকে আদালতে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা উপেক্ষা করেন।
এখন, ১৩ বছর পর, সেই মারপিট মামলার শুনানি চলছে আদালতে। শনিবার, এই মামলায় ঘটনার সাক্ষী হিসেবে বয়ান দেন মালাইকার বোন অমৃতা আরোরা। অমৃতা তার বয়ানে জানান, তারা একটি রেস্তোরাঁয় নৈশভোজ করছিলেন, হঠাৎ এক ব্যক্তি এসে চিৎকার করে তাদের চুপ থাকতে বলেন, যা সবার জন্য অবাককর ছিল। সাইফ আলি খান তখনই উঠে গিয়ে ওই ব্যক্তির কাছে ক্ষমা চান। এরপর সাইফ শান্তভাবে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে চেষ্টা করেন, কিন্তু তাতে পরিস্থিতি শান্ত হয়নি।
অমৃতা আরো বলেন, কিছুক্ষণ পর ওই ব্যক্তি রেস্তোরাঁ থেকে বের হয়ে যান। তবে কিছু সময় পর সাইফ যখন ওয়াশরুমে যান, তখন তারা তর্কাতর্কির আওয়াজ শোনেন, যার মধ্যে সাইফের গলাও ছিল। এর কিছুক্ষণের মধ্যেই, সেই ব্যক্তি আচমকা তাদের টেবিলের কাছে এসে সাইফের গায়ে হাত তোলেন। সাইফের দাবি, ওই এনআরআই শিল্পপতি ইকবাল শর্মা তাদের টেবিলে এসে নারীদের উত্ত্যক্ত ও গালিগালাজ করেন, যা দ্বন্দ্বের সৃষ্টি করে।
এই ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।










