২০২৪ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়ে তিন গুণ

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাপী বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদ ২০২৪ সালে গত বছরের তুলনায় তিন গুণ দ্রুত বেড়েছে। অক্সফাম ইন্টারন্যাশনাল এই তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, গত বছর থেকে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়ে দুই ট্রিলিয়ন ডলার হয়ে ১৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের প্রস্তুতির সময় এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অক্সফাম জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে ২,৭৬৯ জনে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২০৪ জন বেশি। তাদের সম্পদের পাঁচ ভাগের তিন ভাগই এসেছে উত্তরাধিকারসূত্রে এবং একচেটিয়া ক্ষমতা থেকে। প্রতিবেদনটি “টেকার্স নট মেকার্স” শীর্ষক নামে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, বছরে প্রতি সপ্তাহে কমপক্ষে চারজন নতুন বিলিয়নিয়ার যুক্ত হচ্ছে।

অক্সফাম ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর অমিতাভ বেহার বলেছেন, “বিলিয়নিয়ারদের সম্পদের সঞ্চয়ের হার শুধু তিন গুণ বেড়েছে তা নয়, তাদের ক্ষমতাও বেড়েছে। একক ধনকুবেরদের সম্পদ প্রতিদিন গড়ে ২০ লাখ ডলার করে বেড়েছে এবং শীর্ষ ১০ ধনকুবের প্রতিদিন গড়ে ১০ কোটি ডলার করে অর্থ-সম্পদের মালিক হয়েছেন।”

এই বৈষম্য এবং একচেটিয়া ক্ষমতা বৃদ্ধির ফলে অক্সফাম বিশ্বজুড়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলছে, ধনীদের ওপর কর আরোপ, একচেটিয়া ব্যবসা ভেঙে দেওয়া এবং সিইওদের বেতন সীমিত করার মতো পদক্ষেপ গ্রহণ করা দরকার, যাতে শ্রমিকদের জন্য “জীবনধারণের মজুরি” নিশ্চিত করা যায়।

বিশ্ব অর্থনীতি বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে মুষ্টিমেয় ধনকুবেরদের হাতে পুরো অর্থনীতির একটি বিশাল অংশ কেন্দ্রীভূত হয়ে গেছে। অক্সফাম এই নতুন অভিজাততন্ত্র ভেঙে দেওয়ার জন্য বিশ্বব্যাপী একনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।