নিজস্ব প্রতিবেদক:
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে তার পূর্বধারণকৃত বাজেট বক্তব্য প্রচার শুরু হয়, যা দেশের সব বেসরকারি টেলিভিশন ও বেতারেও একযোগে সম্প্রচারিত হয়।
স্বাধীনতার পর এই প্রথমবারের মতো আগের অর্থবছরের তুলনায় বাজেটের আকার কমানো হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেট থেকে ব্যয় ৭ হাজার কোটি টাকা কমিয়ে এই বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রায় দেড় দশক আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা সালেহউদ্দিন আহমেদের উপদেষ্টা হিসেবে এটি তার প্রথম বাজেট।
অর্থ উপদেষ্টা জানান, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেটের ঘাটতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির কিছু ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং দুস্থদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি কিছুটা ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর ঘোষণা এসেছে।
‘জুলাই আন্দোলন’-এ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ রাখার কথাও বিবেচনায় রেখেছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, এই বাজেট কিছুটা সংস্কারমূলক হলেও লক্ষ্য একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থ উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
সংসদ না থাকায় আগামী ৩০ জুন রাষ্ট্রপতি বাজেট অধ্যাদেশে সই করবেন এবং ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে। তবে বাজেটের কিছু অংশ, বিশেষ করে কর ও কাস্টমস সংক্রান্ত বিধান ২ জুন থেকেই কার্যকর হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হয়েছিল।











