‘২০ বছর বয়স থেকেই নিয়মিত কর দিচ্ছি’, আয়কর তল্লাশি নিয়ে মুখ খুলে যা বললেন রাকুল

অনলাইন ডেস্ক:

আয়কর দপ্তরের তল্লাশি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার দাবি, সম্প্রতি যেসব স্থানে আয়কর তল্লাশি চালানো হয়েছে, তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

নিজের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া’ ও ‘অনুমাননির্ভর’ বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।

এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য দেয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাকুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে বা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে অবৈধ বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নন। দেশের ভেতরে বা বিদেশে কারও হয়ে কোনো বেনামি সম্পত্তিও তার নেই বলে দাবি করেন তিনি।

রাকুল বলেন, তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। চলচ্চিত্রজগতে কোনো গডফাদার ছাড়াই নিজের পরিশ্রমে ক্যারিয়ার গড়েছেন। ২০ বছর বয়স থেকেই নিয়মিত কর দিয়ে আসছেন বলেও জানান তিনি।

 

অভিনেত্রীর দাবি, কখনো কারও কাছ থেকে দামি সম্পত্তি উপহার নেননি।

একই সঙ্গে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও অবৈধ বিদেশি অর্থ পাঠানোর সঙ্গে তিনি জড়িত নন।

রাকুল আরো বলেন, তার নাম জড়িয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলোতে তথ্যের সত্যতা নেই। সংবাদমাধ্যমগুলোকে এসব প্রতিবেদন প্রত্যাহার করে প্রকৃত তথ্য পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

এর আগে ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের আয়কর দপ্তর সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে ১২টি স্থানে তল্লাশি চালায়। চলচ্চিত্র নির্মাণের অর্থায়নের আড়ালে বিদেশে অর্থ পাঠানো হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এই তদন্তে প্রযোজক ভাসু ভাগনানি ও প্যানোরামা স্টুডিওসের সংশ্লিষ্টতার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে রাকুলের দাবি, ওই তল্লাশির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

 

উল্লেখ্য কাজের দিক থেকে রাকুলকে সর্বশেষ ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায় দেখা গেছে। নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় শূর্পণখার চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশও রয়েছেন।