৪৪তম বিসিএস পরীক্ষায় একই ক্যাডারে পুনরায় সুপারিশ প্রশ্নে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক:

৪৪তম বিসিএস ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে গত ৩০ জুন প্রকাশিত ফলাফলে সমপদে, কিংবা পছন্দের তালিকার নিম্নতম পদে পুনরায় সুপারিশকৃতদের সুপারিশ বাতিলপূর্বক অধিযাচিতপদগুলোতে উত্তীর্ণ অন্য প্রার্থীদের মেধাক্রম অনুসরণপূর্বক পুনরায় ফলাফল প্রকাশের জন্য আবেদন করা হয়। সেই নিষ্পত্তি করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পরবর্তীকালে আবেদনকারীদের বিধি মোতাবেক উপযুক্ত ক্যাডার এবং নন-ক্যাডারে শূন্য সেই পদগুলোতে কেন নিয়োগ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। একইসঙ্গে রিট আবেদনকারীরা ৪৪তম বিসিএস ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে বিগত ৩০ জুন প্রকাশিত ফলাফলে সমপদে কিংবা পছন্দের তালিকার নি¤œতম পদে পুনরায় সুপারিশকৃতদের সুপারিশ বাতিলপূর্বক অধিযাচিত পদগুলোতে উত্তীর্ন অন্যান্য প্রার্থীদের মেধাক্রম অনুসরণপূর্বক পুনরায় ফলাফল প্রকাশের যে আবেদন করেছেন, তা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস. এম. মাহিদুল ইসলাম সজিব।

আবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে দেশের শীর্ষ স্থানীয় গনমাধ্যম, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রকাশিত হয়েছে ৪৪তম বিসিএসের ১৭১০টি ক্যাডার পদের বিপরীতে দেশের ইতিহাসে রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫হাজার ২৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে ১১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ১১ হাজার ৮০০ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ক্যাডার ফলাফলে ১৬৯০ জনকে সুপারিশ করা হলেও ভাইবার আগে ক্যাডার চয়েস পূরণের সুযোগ না থাকায় পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে নিয়োগপ্রাপ্ত প্রায় ৮০০ জন প্রার্থী ৪৪তম বিসিএসে সমপদে কিংবা পছন্দের তালিকার নিম্নতম পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। যাদের কারোরই সুপারিশপ্রাপ্ত পদে যোগদানের সম্ভাবনা নেই। যার কারণে দেশের মেধাবী ও যোগ্য শিক্ষিত প্রার্থীদের বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে এবং দেশপ্রেমিক, যোগ্য ও মেধাবীদের দেশের সেবা করা থেকে বঞ্চিত করছে। পরে বগত ৩০ জুন ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশিত হলে রিট আবেদনকারীরা তাতে সংক্ষুব্ধ হয়ে বিগত ১৪ জুলাই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বরাবর সমপদে কিংবা পছন্দের তালিকার নিম্নতম পদে পুনরায় সুপারিশকৃতদের সুপারিশ বাতিলপূর্বক অধিযাচিতপদগুলোতে উত্তীর্ণ অন্যান্য প্রার্থীদের মেধাক্রম অনুসরণপূর্বক পুনরায় ফলাফল প্রকাশের আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে কোনো প্রতিকার না পেয়ে, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডার পদে পদ শূন্য না থাকায় মনোনয়ন বঞ্চিত আফজাল হোসেনসহ ১০ জন হাইকোর্টে এই রিট পিটিশনটি দায়ের করেন।