৮ দফা দাবিতে পিসিএনপির ডাকা বান্দরবানে সর্বাত্মক হরতাল সোমবার

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) আগামী সোমবার, ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে। দীর্ঘদিনের বৈষম্য ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে, এবং ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবান সদরের হোটেল গ্র্যান্ড ভ্যালির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ ধরে বৈষম্যের শিকার। সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা হরতালের মতো শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছি।”

হরতালের আওতামুক্ত

হরতাল চলাকালে সরকারি অফিস-আদালত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন, পরীক্ষার্থী পরিবহনের যানবাহন, খাবার ও ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, মিডিয়া ও সাংবাদিকদের পরিবহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে পিসিএনপি।