নিজস্ব প্রতিবেদক:
ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক ও নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে জলমগ্ন সড়ক পেরিয়ে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে, তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ২০ মিলিমিটার। দেশের মধ্যে একই সময়ে নারায়ণগঞ্জে ৮২ মিলিমিটার এবং মাদারীপুরে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
ভোর ৪টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে। তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়। পুরানা পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকাতেও দীর্ঘ সময় পানি আটকে থাকতে দেখা যায়।
জলাবদ্ধ সড়কে রিকশাসহ ছোট যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন মোড়ে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয় অনেককে। পথচারীদের কেউ কেউ হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও যানবাহনের গতি কমে যায়, ফলে অফিসগামী মানুষের দুর্ভোগ আরও বাড়ে।
পুরানা পল্টনের একটি প্যাকেজিং কোম্পানির কর্মী হাসানুর রহমান বলেন, “রাস্তায় হাঁটা যায় না। আবার ফুটপাত দিয়ে যে হাঁটব তারও উপায় নেই।” ফুটপাতের একাংশ দোকানিদের মালামালে দখল হয়ে থাকায় জলাবদ্ধ সড়কের মধ্য দিয়েই অফিসে যেতে হয়েছে বলে জানান তিনি।
মতিঝিলের সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম বলেন, সকাল ১০টার সময়ও পানি পুরোপুরি নামেনি। রিকশায় করে কর্মস্থলে এসে জুতা ভিজে যাওয়ার কথাও জানান তিনি।
জলাবদ্ধতা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ভোর ৪টা থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টির কারণে সংস্থার আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক পানি জমেছে। পানি দ্রুত সরাতে ভোর থেকেই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে কাজ করছে।
ডিএসসিসির কর্মীরা ড্রেনেজ লাইনে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সরানো এবং পানি নিষ্কাশনের কাজ করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সংস্থাটির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
জলাবদ্ধতার কারণে ঝিগাতলায় সড়কের একটি ম্যানহোলের ঢাকনা খুলে আবর্জনা পরিষ্কারের কাজ করার কথাও জানিয়েছে ডিএসসিসি। সংস্থাটি বলেছে, দ্রুত পানি সরিয়ে যান চলাচল ও পথচারীদের যাতায়াত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নগরবাসীকে জলমগ্ন সড়কে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিএসসিসি। বিশেষ করে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পানির নিচে খোলা ম্যানহোল বা ড্রেন থাকতে পারে বলে পথচারী ও চালকদের সতর্ক করা হয়েছে।
রাজধানীতে বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়া নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমার যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং অপরিকল্পিত অবকাঠামোকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন নগরবাসী। জলাবদ্ধতার সমস্যা নিয়ে সাম্প্রতিক এক বিশ্লেষণেও ঢাকার ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, খাল ও জলাধার হারিয়ে যাওয়া এবং পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ সংকুচিত হওয়ার বিষয় উঠে এসেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে রাজধানীতে বৃষ্টির সঙ্গে জলাবদ্ধতার ভোগান্তি আরও কিছু সময় অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।











