‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার বিশ্ব প্রিমিয়ারে জয়া আহসান, রটারড্যামে উত্তেজনা

অনলাইন ডেস্ক:

চলতি বছরের শেষ দিকে এসে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জন্য সুখবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি জানালেন, তার অভিনীত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এবং ছবিটির বিশ্ব প্রিমিয়ারও হবে ওই উৎসবে।

ফেসবুকে জয়া আহসান লিখেন, “আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে, তা কল্পনাতীত ছিল। আমার এত বছরের চলচ্চিত্র জীবনে এটি একটি বিশিষ্ট প্রাপ্তি। আর অবশ্যই, এই ছবির সঙ্গে যুক্ত সকল অভিনেতা-অভিনেতা এবং কলাকুশলী তাদের সকল প্রচেষ্টা উজাড় করে দিয়েছেন। তাদের সবাইকে অভিনন্দন।”

কলকাতার সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি প্রখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি। সিনেমায় জয়া আহসান কুসুম চরিত্রে এবং আবির চট্টোপাধ্যায় শশী চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির আবহসংগীত করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

এটি জয়া আহসানের ক্যারিয়ারের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন, যা তার সাফল্যের আরও এক মাইলফলক হিসেবে কাজ করবে।