অনলাইন ডেস্ক:
প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখানো জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছেন তার সিনেমা প্রিয় মালতী। বর্তমানে সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এই প্রচারণার মাঝে ঘটেছে একটি বিতর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে পোস্টার লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন মেহজাবীন।
গত বুধবার বিকেলে প্রিয় মালতী সিনেমার প্রচারণা চলাকালীন, টিএসসিতে গিয়ে নিজ হাতে সিনেমার পোস্টার বিভিন্ন দেয়ালে লাগাতে শুরু করেন মেহজাবীন। এ সময়, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যা হওয়া সোহাগী জাহান তনুর স্মৃতির প্রেক্ষাপটে বানানো গ্রাফিতির ওপরও পোস্টার সাঁটানো হয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে নেটিজেনরা তীব্র প্রতিবাদ জানায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন তারকা হিসেবে মেহজাবীন কীভাবে তনু ও জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর পোস্টার লাগাতে পারেন?
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন এবং ঘোষণা করেন, টিএসসিতে আমড়া এই পোস্টার ছিড়বো না, মেহজাবীন চৌধুরী। আপনি নিজে এসে এই পোস্টার ছিঁড়বেন। এর পরপরই মেহজাবীন টিএসসিতে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে তনুর গ্রাফিতির ওপর লাগানো পোস্টার তুলে ফেলেন।
এ ঘটনার পর মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, প্রচারণার তাড়া ও অনিবার্য কারণের জন্য ভুলবশত তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগানো হয়েছিল। পরে তিনি জানিয়ে দেন, আমরা তৎক্ষণাৎ পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।
এদিকে, অভিনেত্রী বলেন, এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করছি এবং আশা করি, এই অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হবে।
এভাবে সোহাগী জাহান তনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহজাবীনের পক্ষ থেকে বিতর্কের পরিসমাপ্তি ঘটে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা এখনও চলছে।











