নিজস্ব প্রতিবেদক:
ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসিসহ ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার নিষ্পত্তির দাবি জানিয়েছে মহিলা জামায়াত। শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহিলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরন্নিসা সিদ্দিকা বলেন, আছিয়া হত্যার মামলার রায় এক সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তিনি জানান, সকল ধর্ষককে ফাঁসি দিতে হবে এবং ধর্মীয় শিক্ষা চালু করে নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আইনের যথাযথ প্রয়োগ ও বিচারের দীর্ঘসূত্রিতা বন্ধ করতে হবে। তিনি এই দাবি করেন যে, ধর্ষণের মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধুমাত্র মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তিনি আরও মন্তব্য করেন যে, ধর্ষকরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে সমাজ থেকে ধর্ষণ দূর করা সম্ভব হয়নি।
নুরন্নিসা সিদ্দিকা বলেন, ধর্ষককে তার নিজ এলাকায় জনসম্মুখে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ ভবিষ্যতে ধর্ষণের সাহস না পায়। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তির ঘোষণা দিয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে এবং জামিনের বিধান বাতিল করতে হবে।
মহিলা জামায়াত নেতারা জানান, আছিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সরকার ও তাদের ৫ দাবির আলোকে বিচার করতে হবে, নতুবা নারী সমাজ কঠোর আন্দোলনে রাজপথে নামবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, মার্জিয়া বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য রোজিনা আখতার, আয়েশা সিদ্দিকা পারভীন, সালমা সুলতানা, ইরানি আখতার, মাহবুবা জাহান, খোন্দকার আয়েশা সিদ্দিকা, সুফিয়া জামালসহ মহানগরী উত্তর ও দক্ষিণের নেত্রীরা।











