‘বিএনপি জাতীয় নির্বাচন বিলম্বিত হতে দেবে না’

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের নামে কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হতে দেওয়া হবে না। শনিবার (১৫ মার্চ) ফরিদপুরে বিএনপির বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।

ড. রিপন বলেন, “জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের নামে কোনোভাবেই নির্বাচন বিলম্বিত করা চলবে না, আর এটা আমরা হতেও দেব না।” তিনি আরও বলেন, “কেউ কেউ বলছেন দেশে একটি গণপরিষদ হবে, গণপরিষদ করার দায়িত্ব কে দিয়েছে তাদের?”

তিনি জানিয়ে দেন যে, নির্বাচন বিলম্বিত করার জন্য দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে এবং বিএনপি তা করতে দেবে না। “দেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে,” বলে তিনি উল্লেখ করেন।

ড. রিপন বলেন, “হাসিনা গত ১৬ বছর ভোট করেনি বলেই বিদায় নিতে হয়েছে এভাবে, পালাতে হয়েছে তাকে। দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা আর যাতে ফিরিয়ে না আসে, সে জন্য দরকার একটি সুন্দর নির্বাচন।”

এছাড়া, তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দখল বাণিজ্য তখনই আসে যখন গণতন্ত্র থাকে না দেশে। জনগণের আস্থা অর্জন করতে হবে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। মানুষের ভালোবাসা না পেলে জয়ী হওয়া সম্ভব নয়।”

এ সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, নেত্রী হেলেন জেরিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা সহ বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার দলীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।