আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা

নিজস্ব প্রতিবেদক:

আজ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশে সফরের তৃতীয় দিন চলছে। তার সফরের অংশ হিসেবে শনিবার দুপুর ১টা থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা বেলা ৩টা পর্যন্ত চলে।

বৈঠক শেষে রাজনৈতিক নেতারা গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সংস্কার অবশ্যই করতে হবে, তবে তা দ্রুত শেষ করে নির্বাচনের বিষয়ে আলোচনা হওয়া উচিত।” তিনি আরও বলেন, “বাকি বিষয় সংসদে সমাধান করা যেতে পারে, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “সংস্কার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং জাতিসংঘ মনে করে যে, এদেশের জনগণকেই এটি নির্ধারণ করতে হবে।” তিনি আরও বলেন, “জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা সংস্কার, সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছি এবং জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “বৈঠকে সংস্কার নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরা হয়েছে এবং আমরা গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছি। সংস্কার ছাড়া নির্বাচন কার্যকর হবে না।”

আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেওয়া সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘের সাহায্য প্রয়োজন।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “আমরা আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তা চেয়েছি এবং সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐকমত্য নিয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি।”

বৈঠকে জামায়াতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।