আওয়ামী লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ চলছে: হাসনাত আব্দুল্লাহ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি পরিকল্পনা চলছে। তার ভাষ্য, আওয়ামী লীগকে ফেরাতে ‘আসন ভাগের’ প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। তিনি এ ব্যাপারে একটি ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সামাজিকমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে দেয়া পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, “কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।” তিনি আরও জানান, ক্যান্টনমেন্ট থেকে তাকে এবং আরও দু’জনকে ১১ মার্চ দুপুরে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে।” তিনি দাবি করেন, এই পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ সম্প্রতি মিডিয়াতে বয়ান দিয়েছেন।

এদিকে, হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, “আমির উত্তরে বলি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে।” তিনি আরও বলেন, “এই ষড়যন্ত্র বাস্তবায়িত হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে।”

এছাড়া, তিনি আরও লেখেন, “জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। আমরা সেই চাপের কাছে নতি স্বীকার না করে জনগণের ওপর আস্থা রেখেছি।”

হাসনাত আব্দুল্লাহ শেষ করে লেখেন, “আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারব।”