অনলাইন ডেস্ক:
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় ভারী বৃষ্টিপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। সোমবার (৭ এপ্রিল) ভোরে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও নিরাপত্তামন্ত্রী জ্যাকুয়েমেন শাবানি জানান, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রাতভর প্রবল বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
দুর্গতদের উদ্ধার ও সহায়তার জন্য সরকার সশস্ত্র বাহিনী, বেশ কিছু মন্ত্রণালয় এবং কিনশাসা প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে একটি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট গঠন করেছে। একই সঙ্গে লোকজনকে সরিয়ে নিতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
বন্যার ফলে শহরের বেশিরভাগ অবকাঠামো অচল হয়ে পড়েছে। প্রধান সড়কগুলো ডুবে গেছে এবং শহরজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
এছাড়া, বন্যার কারণে নাজিলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা-যাওয়া রুটে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের সহায়তার জন্য জরুরি ফেরি পরিষেবা মোতায়েন করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে ১ কোটি ৭০ লাখ মানুষের শহরটিতে আরও ধ্বংসের আশঙ্কা রয়েছে। ডিআর কঙ্গোয় বর্ষাকাল সাধারণত নভেম্বর থেকে মে পর্যন্ত স্থায়ী হয়।











