জেলা প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দিনমজুর মোসাম্মাৎ সামেলা বেগমের (৪৫) বসতবাড়ি পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুভাষ সাহার বিরুদ্ধে। এ ঘটনায় সামেলা বেগম রবিবার (৬ এপ্রিল) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগে সুভাষ সাহা (৬৮) ও তার ম্যানেজার গোবিন্দর (৫৫) নাম উল্লেখ করা হয়েছে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সামেলা বেগম জানান, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে শেলাহাটি গ্রামে রেলের জমিতে বসবাস করে আসছিলেন, যেখানে পাশেই সুভাষ সাহার জমি রয়েছে। সামেলার অভিযোগ, সুভাষ সাহা ওই রেলের জমি পাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে তাকে বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। শনিবার (৫ এপ্রিল) রাতে সামেলা বেগম বাড়িতে না থাকায় সুভাষ সাহা তার লোকজন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে তার বসতঘর পুড়ে যায়।
সামেলা বেগম বলেন, “সুভাষ সাহা একাধিকবার বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিল। শনিবার রাতে তার লোকজন আগুন দিয়ে আমার বাড়ি পুড়িয়ে দেয়। এতে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে, এবং ঈদের সময় মানুষের কাছ থেকে যাকাতের টাকা ও ৫০ হাজার টাকা নিয়ে চলে গেছে। এখন আমি সর্বহারা হয়ে গেছি।”
স্থানীয় প্রতিবেশী হাবিল বিশ্বাস এবং সেলিনা বেগমও সুভাষ সাহার বিরুদ্ধে একাধিকবার বাড়ি ভেঙে দেওয়ার হুমকির কথা জানান।
অপরদিকে, সুভাষ সাহা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সামেলা বেগমের বাড়ি পুরাইনি, বরং তার জন্য অন্য জায়গায় বাড়ি তৈরি করার চেষ্টা করছি। তিনি আমার জমিতে বসবাস করছেন।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, “বাড়ি পোড়ানোর একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”











