নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সদরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনপুরুষ ও দুজন নারী। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বাখুন্ডা জোবায়দা-করিম জুটমিলের কাছে খাদে পড়ে গিয়ে উল্টে যায়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে উল্টে যায়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলো, এবং তাদের বেশিরভাগই আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











