ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত

জেলা প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা রায় (১৮), একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান রায় (১৭) এবং আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন (১৮), যিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে আছেন— কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাজু, আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯) ও সিয়াম (১৮)। তাদেরকে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুইটি মোটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুর বাজার থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক দুই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহী রাজা ও বিধান মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে এবং যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। তিনি আরও জানান, এ দুর্ঘটনা ছাড়াও গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে মোট পাঁচজন নিহত হয়েছেন।

এর আগে, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হন।